জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রামে ১০০ দিনের কাজ ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েতের সুপারভাইজার পম্পা চন্দ্র তৃণমূলের এক নেতাকে মাস্টার রোল না দেওয়ায় ঘটনার সূত্রপাত। এর ফলে পম্পাদেবীর রায়তি জমি দখল করে নেন ওই নেতা। পম্পাদেবীর অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠ নেতা উমা শঙ্কর চৌধুরী মাস্টাররোল না পেয়ে তাকে ফোনে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। তার পরেই তার রায়ত জায়গা দখল করে সেখানে তৃণমূলের পতাকা ওড়ানো হয়েছে।
জাড়া এলাকার তৃণমূলের বুথ সভাপতি অভিজিৎ রায় বলেন, দলের বিরুদ্ধ গোষ্ঠীর উমাশঙ্কর চৌধুরী জব সুপারভাইজার পম্পাদেবীর কাছ থেকে ১০০ দিনের কাজের মাস্টার রোল চেয়েছিলেন, কিন্তু তাকে পম্পা দেবী তা দেননি। এর পরেই জমির দখল নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করেন উমাশঙ্কর চৌধুরী।
চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, সুপারভাইজারের মাধ্যমে ১০০ দিনের কাজ দেখাশোনা করেন পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসন। এখানে কোনও রাজনৈতিক নেতা হস্তক্ষেপ করতে পারেন না।

