আমাদের ভারত, মালদা, ২ ফেব্রুয়ারি: দানকরা জমির উপর তৈরি হয়েছে শিব মন্দির। বুধবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কাহাট্টা গ্রামে উদ্বোধন হল সর্বজনীন শিব মন্দিরের। মন্দির কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় ওই সর্বজনীন শিব মন্দিরের ভিত্তি স্থাপন হয় বলে জানান শিব মন্দির কমিটির সভাপতি দুলু চন্দ্র দাস।
জানা যায়, এদিন সকালে ১০৮ টি কলশ নিয়ে চাঁচোল থানার জগন্নাথপুর ঘাট থেকে কাহাট্টা শিব মন্দির পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ পরিক্রমা করেন এলাকার প্রায় দু’হাজার স্ত্রী-পুরুষ সহ ছেলে মেয়েরা।

শিব মন্দিরের পুরোহিত চৈতন্য চক্রবর্তী জানান, এদিন সকাল থেকে মাঙ্গল আরতি, শিব পূজা, জীবন্যাস ও মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন, অঞ্জলী ও শ্রীশ্রী চন্ডী ও গীতাপাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার শুভারম্ভ হয়।
জমি দাতা ছবি চন্দ্র দাস জানান, শিব মন্দিরের নামে দশ শতক জমি দান করেছেন। সেই জমিতে নব নির্মিত শিব মন্দিরের শুভ উদ্ভোধন হল আজ। এতে তিনি প্রচন্ড খুশি।তিনি আরো জানান, এই এলাকায় কোনো শিব মন্দির ছিল না। পুজো দেওয়ার জন্য দূর দূরান্তে যেতে হত এলাকার মহিলাদের।

