আমাদের ভারত, হাওড়া, ১০ এপ্রিল: তৃতীয় পর্যায়ের নির্বাচনে জেলার একাধিক জায়গায় হেনস্থার শিকার হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সমালোচনার ঝড় উঠেছিল হাওড়া গ্রামীণ জেলায়। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছিল রাজনৈতিক মহল। আর এইসবের যোগ্য জবাব দিতে শনিবার সকাল থেকেই কড়া পদক্ষেপ নিল প্রশাসন। প্রতিটি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়াও ক্রমাগত রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর টহল ভোটারদের মনে সাহস যুগিয়েছে। চতুর্থ পযায়ের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় খুশি বিরোধীরা। যদিও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনা করেছে তৃণমূল। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তায় ভোটাররা আতঙ্কিত।

চতুর্থ পযায়ের নির্বাচনে শনিবার রাজ্যের যে ৪৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হল তার মধ্যে উলুবেড়িয়া পূর্ব ও পাঁচলা বিধানসভা অন্যতম। তার অন্যতম কারণ এই দুটি কেন্দ্রেই তৃণমূল ত্যাগী দুই নেতা আব্বাস উদ্দিন খান এবং জলিল আহমেদ সংযুক্ত মোচার আইএসএস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে লড়ছেন আব্বাস উদ্দিন খান এবং পাঁচলা কেন্দ্র থেকে লড়ছেন জলিল আহমেদ।

এদিকে শনিবার সকাল থেকেই দুটি বিধানসভা কেন্দ্রে কড়া ভূমিকায় অবতীর্ণ হয় কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথে কড়া নজরদারির পাশাপাশি ভোটার ছাড়া কাউকে বুথের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। অন্যদিকে এদিন সকাল থেকেই যেখান থেকেই অভিযোগ এসেছে নিমেষেই সেখানে পৌঁছে ভোটারদের আশ্বস্ত করেছে কেন্দ্রীয় বাহিনী। এককথায় ভোটার ছাড়া কাউকে জটলা হওয়ার সুযোগ দেয়নি জওয়ানরা। এদিন সকাল থেকেই উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর যার ফলে শান্তিপূর্ণ ভাবেই এই কেন্দ্রে ভোট মিটেছে। যদিও উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর
অতিসক্রিয়তার কারণে মহিলা ভোটাররা আতঙ্কিত।

অন্যদিকে, এদিন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের মত পাঁচলা কেন্দ্রেও কড়া ভূমিকা নেয় কেন্দ্রীয় বাহিনী। তবে জগরামপুরে কুশডাঙা প্রাথমিক বিদ্যালয়ের ১৮৫ নং বুথে সাধারণ মানুষকে মারধরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারে এক ভোটারের মাথা ফেটেছে এবং কয়েকজন আহত হয়েছে। পাঁচলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গুলশান মল্লিকের অভিযোগ, এদিন পাঁচলা বিধানসভার প্রায় ৫০টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতি সক্রিয়তায় সাধারণ ভোটাররা সমস্যার সম্মুখীন হয়েছে। যদিও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন বিরোধীরা। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী আব্বাস উদ্দিন খান এবং বিজেপি প্রার্থী প্রত্যুষ মন্ডলের মতে বাহিনী তাদের যতাথ ভূমিকা পালন করেছে।

