ভ্যাকসিন নেওয়ার পরেই ঝাড়গ্রামে করোনায় আক্রান্ত হলেন এক শিক্ষক, বন্ধ করে দেওয়া হল স্কুল

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ এপ্রিল: করোনার ভ্যাকসিন নেওয়ার পরেই করোনায় আক্রান্ত হয়েছেন এক স্কুল শিক্ষক। এমনই ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়া হাইস্কুলের এক শিক্ষকের। ওই শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় শুক্রবার থেকে ওই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল সূত্রে খবর জানা গিয়েছে যে, গত ৫ এপ্রিল ওই শিক্ষক করোনা পরীক্ষা করিয়েছিলেন। তারপর গত ৬ ও ৭ এপ্রিল তিনি ব্যক্তিগত ছুটি নিয়েছিলেন। এরপরে তিনি বৃহস্পতিবার স্কুলে এসেছিলেন। স্কুলে এসে বৃহস্পতিবার নবম শ্রেণির ক্লাসও নিয়েছিলেন। স্কুল চলাকালীন তপসিয়া গ্রামীণ হাসাপাতাল থেকে তাঁর পজিটিভ রিপোর্ট জানানো হয়। তারপরই জেলা শিক্ষা দফতরে বিষয়টি জানানো হয়। তবে ওই শিক্ষক উপসর্গহীন থাকায় তিনি হোম আইসোলেশনে রয়েছেন। ওই শিক্ষক গত ৮ মার্চ তপসিয়া গ্রামীণ হাসপাতাল থেকে করোনার প্রথম ভ্যাকসিন (কোভিশিল্ড) নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার আগেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

রাণ্টুয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার বর্মন বলেন, “বৃহস্পতিবার উনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে উনি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। জেলা বিদ্যালয় পরির্দশকের নির্দেশ মত সাতদিন স্কুল বন্ধ রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *