প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১০ এপ্রিল:
“মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, কিন্তু তিনি অসহায় নন, ওঁনার পাশে আপনারা আছেন, আমি আছি, আমার পার্টি আছে। জিব কেটে দেখুক আমরা ওদের ঠ্যাং কেটে নেবো।” এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন।
শনিবার বিকেলে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধান সভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল ঘোষের সমর্থনে পানিহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের আগরপাড়ায় এক প্রচার সভায় অংশ নিয়ে সাংসদ জয়া বচ্চন বলেন, “বিজেপি বাংলায় এসেছে আমাদের বাংলার সংস্কৃতি শেষ করতে, ওদের টাকার ফাঁদে কেউ পা দেবেন না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিদি বলেই সব সময় ডাকবো, ওরা দিদি শব্দটা কে ব্যঙ্গ করে, কিন্তু মেয়েরা বড় হলে তাদের তো দিদি–ই ডাকা হয় সম্মান দেওয়ার জন্য।” এদিনের এই প্রচার সভায় সাংসদ জয়া বচ্চন ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় ও পানিহাটির তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।

