তৃণমূল, সিপিএম, কংগ্রেস, সেকুলার ফ্রন্ট সবাই আনিসকে নিজেদের সংগঠনের সদস্য বলে দাবি করছে

আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেস, সিপিএম, সেকুলার ফ্রন্ট, আবার জাতীয় কংগ্রেস এমনই একধিক রাজনৈতিক দল নিহত ছাত্র নেতা আনিস খানকে নিজেদের সংগঠনের সদস্য বলে দাবি করছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র আনিসের মৃত্যুতে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। তার মৃত্যুর তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে একাধিক রাজনৈতিক দল। এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আনিসকে সকলেই একসাথে নিজেদের সংগঠনের বলে দাবি করেছেন।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিহত ছাত্র নেতা আনিসের সঙ্গে তাঁর দলের ভালো যোগাযোগ ছিল। বিধানসভা নির্বাচনে আনিস তাঁর দলকে সাহায্য করেছিলো।

অন্যদিকে আনিসকে নিজেদের দলের ছাত্রসংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা বলে দাবি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকী। ভাঙড়ের এই বিধায়ক শনিবার আমতায় নিহত ছাত্র নেতার বাড়িতে যাওয়ার সময় বলেছেন, আনিস তাদের সঙ্গেই ছিল। বিধানসভা নির্বাচনে তাদের হয়ে কাজ করেছে। আনিসকে সামনে রেখেই তাদের ছাত্র সংগঠন তৈরি কথা ভাবা হয়েছিল।

আবার কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদও দাবি করেছে আনিস খান তাদের সংগঠনের সদস্য ছিল। ছাত্রপরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ দাবি করেছেন, ২০১৮ সালের ২৮ আগস্ট আনিস নাকি ছাত্র পরিষদে যোগদান করেছিলেন। সেই যোগদানের ছবিও তাদের কাছে রয়েছে বলে সৌরভ জানিয়েছেন।

এদিকে সিপিআইএমের ছাত্রসংগঠন এসএফআই প্রথম থেকেই দাবি করে আসছে আনিস তাদের সক্রিয় সদস্য। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য বলেছেন, বিধানসভার নির্বাচনে সংযুক্ত মোর্চার যে ব্রিগেড সমাবেশ হয়েছিল সেই সভামঞ্চে আনিসকে দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন তা সম্পূর্ণ অসত্য বলে দাবি করে আনিসকে তাদের সংগঠনের সদস্য বলেছেন সৃজন।

বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য,পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, আমতার স্থানীয় বিধায়ক সুকান্ত পাল সকলেই একে একে আনিস খানের বাড়িতে পৌঁছেছেন। একের পর এক রাজনৈতিক দল আনিসকে নিজেদের সদস্য বলে দাবি করেছেন।

শুক্রবার রাতে বাড়ির সামনে ছাত্র নেতা আনিসের মৃতদেহ পাওয়া যায়। আনিসের বাবা অভিযোগ করেছেন, শুক্রবার রাতে পুলিশের পোশাক পরা কয়েকজন এসে গানপয়েন্টে পরিবারের লোককে রেখে ছেলেকে উপরে নিয়ে গিয়ে হত্যা করে। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। তবে ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিট গঠন করা হবে এই খুনের ঘটনার তদন্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *