সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, উত্তর ২৪ পরগণা, ৩ জুন: উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহাকে গ্রেফতার করেছে পুলিশ। অস্ত্র পাচার, মাদক পাচার, ভোটের সময় সন্ত্রাস সৃষ্টি, রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা এবং তোলাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানাগেছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পাপাই রাহার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছিল। অভিযোগ, বনগাঁ ও সংলগ্ন এলাকায় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে বেআইনি অস্ত্র ও মাদক পাচারের সঙ্গে তাঁর নাম জড়িয়ে ছিল। এছাড়াও বিভিন্ন নির্বাচনের সময় ভোটারদের ভয় দেখানো, বুথ দখল এবং রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, একাধিকবার তাদের জনপ্রতিনিধি ও কর্মীদের উপর হামলার ঘটনায় পাপাই রাহার নাম উঠে এসেছে। বিশেষ করে বিজেপি বিধায়কদের উপর হামলা, কর্মসূচিতে বাধা সৃষ্টি এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। যদিও এই সমস্ত অভিযোগ অতীতে বারবার অস্বীকার করে এসেছে তৃণমূল নেতৃত্ব।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে কাজ করতেন ওই কাউন্সিলর। সাধারণ মানুষের একাংশ ভয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, তাঁর গ্রেফতারের পর অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন বলে জানাগেছে।
তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দলের একাংশের বক্তব্য, আইন আইনের পথে চলবে এবং আদালতেই সত্য প্রমাণিত হবে। এদিন কোমরে দড়ি পরিয়ে পাপাই রাহাকে আদালতে তোলা হয়। তদন্তকারীরা তাঁর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, অস্ত্র ও মাদক পাচার চক্রের সঙ্গে কোনও বৃহত্তর যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।

