আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৮ জুন: ভোট পরবর্তী হিংসায় এবার গ্রেফতার হলেন রামপুরহাট পুরসভার তৃণমূল কাউন্সিলর অষ্টম মণ্ডল। বুধবার রাতে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশের আবেদনে চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, ২০২২ সালে বীরভূমের রামপুরহাট পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সময় রামপুরহাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন নির্মল কুমার মাল নামে এক কর্মী। তাঁর অভিযোগ, সেই সময় অভিযুক্ত অষ্টম মণ্ডল ও তার লোকজন তাঁকে প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য চাপ দিতে থাকে। নির্মলবাবু বলেন, “প্রাণ বাঁচাতে আমি ভোটের আগে বাড়ি ছেড়ে আত্মগোপন করেছিলাম। ভোটের দিন বাড়ি ফিরলেও আমাকে বুথের ধারে কাছে যেতে দেয়নি অষ্টম মণ্ডল ও তার লোকজন। এমনকি আমাকে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে মাটিতে ফেলে মারধর করে ছাপ্পা মেরে জয়ী হয়। দিন চারেক আগে ফের অষ্টম মণ্ডল লোকজন নিয়ে আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে তাড়া করে। আমার চিৎকারে লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।”
বৃহস্পতিবার পুলিশ তাকে রামপুরহাট মহকুমা আদালতে হাজির করে পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করে। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ধারা ছাড়াও ভারতীয় ন্যায় সংহিতা ১০৯(১) ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।
সরকারি আইনজীবী সৌকত হাতি বলেন, “আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক চারদিনের পুলিশ হেফাজত দিয়েছেন।”

