দল বিরোধী কার্যকলাপের অভিযোগ, তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অসীম অধিকারী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ মার্চ: দল বিরোধী কার্যকলাপ, দীর্ঘদিন ধরে দলে নিষ্ক্রীয় থাকা এবং বিজেপির সাথে যোগাযোগ রাখার কারণে রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারীকে দল থেকে বহিষ্কার করা হল। বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে অসীম অধিকারীকে দল থেকে বহিস্কারের ঘোষণা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি এও বলেন, তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। যদিও এই মুহুর্তে বহিস্কৃত তৃণমূল কাউন্সিলর রায়গঞ্জে না থাকায় তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে মোবাইলে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বহিস্কারের খবর জানেন না বলে জানিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, যেদিন থেকে এই জেলার দলীয় অবজারভার শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন সেদিন থেকেই মোটামুটিভাবে রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারী বিজেপির সাথে এবং শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রেখে চলেছেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের কোনও মিটিং মিছিল বা কর্মসূচিতে আসছিলেন না। তাঁকে বহুবার সতর্ক করা হয়েছিল এবং নোটিশও দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্বের আদেশ অমান্য করে দল বিরোধী কাজ করে চলছিলেন। ২৭ মার্চ পর্যন্ত তাঁকে সময় দেওয়া হয়েছিল কিন্তু অসীমবাবু নিজে ৩১ মার্চ পর্যন্ত সময় চেয়েছিলেন। আমরা বুধবার ৩১ মার্চ পর্যন্ত দেখলাম তিনি দলের সাথে কোনও যোগাযোগ করেননি। তাই জেলা কমিটি বৈঠকে বসে অসীম অধিকারীকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

কানাইয়ালাল আগরওয়াল বলেন, আজ থেকে অসীম অধিকারী তৃণমূল কংগ্রেস দলের কেউ নন। তাঁকে দল থেকে বহিষ্কার করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *