রাস্তার দাবি নিয়ে আসা দলীয় কর্মীদের তৃণমূলের পতাকা ধরানোর অভিযোগ আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

আশিস মণ্ডল, রামপুরহাট, ৩১ মার্চ: গ্রামে রাস্তার নির্মাণের দাবি জানাতে আসা তৃণমূল সমর্থকদের ফের দলীয় পতাকা ধরালেন বিদায়ী কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। যদিও আশিসবাবুর দাবি, ওরা বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। সেই দাবি খণ্ডন করেছেন গ্রামের মানুষ।

বুধবার বিকেলে বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রাম থেকে বেশ কিছু মানুষ তৃণমূলের রামপুরহাট কার্যালয়ে আসেন রাস্তা নির্মাণের দাবি নিয়ে। দলীয় কার্যালয়ে সেখানে উপস্থিত ছিলেন রামপুরহাটের তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটা করে তাদের হাতে দলীয় পতাকা ধরিয়ে শ্লোগান দেন। পরে মিঠুন বাগদি সহ বেশ কয়েকজন ক্যামেরার সামনে বলেন, “আমরা প্রথম থেকে দিদির পার্টি করি। আমাদের গ্রামের একটা রাস্তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সেই জন্য এদিন আশিসবাবুর কাছে এসেছিলাম। তারপর যা হল আপনারা সবাই দেখলেন”। “ক্লাব ও রাস্তার জন্য রামপুরহাট পার্টি অফিসে যেতে হবে। তাই এসেছিলাম। আমরা সবাই তৃণমূল”। নয়ন বাউরি বলেন, “আমি বিজেপির সমর্থক ছিলাম”। মনমথ বাউরি বলেন, “আমি সিপিএম করতাম। কিন্তু ওদের কাজ কর্ম ভালো না লাগায় তৃণমূলে যোগদান করলাম”।

বিজেপি প্রার্থী শুভাশিস চৌধুরী বলেন, “ওই নামে আমাদের কোনও কর্মী ছিল না। তৃণমূল একই লোককে বার বার পতাকা ধরাচ্ছে”।

সিপিএম প্রার্থী সঞ্জীব বর্মণ বলেন, “যিনি সিপিএম বলে দাবি করছেন তিনি মিথ্যা কথা বলছেন। প্রচার পেতে তৃণমূল এসব মিথ্যার আশ্রয় নিচ্ছে”। আশিসবাবু বলেন, “এদিন চারশো মানুষ সিপিএম, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *