কেশিয়াড়ীতে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন

জে মাহাতো, কেশিয়াড়ী, ৯ নভেম্বর:
দীপাবলি ও বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের জন্য কেশিয়াড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। কেশিয়াড়ী ব্লকের কুসুমপুর হাইস্কুলে এই বিজয়া সম্মেলন ও দীপাবলির শুভেচ্ছা কর্মসূচির আয়োজন করা হয়। 

কুসুমপুর ৪ নং  অঞ্চল তৃণমূল কংগ্রেসের এস টি সেলের উদ্যেগে এই অনুষ্ঠানে অঞ্চলের কর্মী সমর্থকরা হাজির ছিলেন। সদ্য প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শোকজ্ঞাপন করা হয় অঞ্চলের বিশেষ জনজাতিভুক্ত সম্প্রদায়ের নেতৃত্ব বিধু হাঁসদার প্রয়াণে। তাঁর প্রতিকৃতিতেও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। আদিবাসী নৃত্য এবং  ধামসা মাদলের তালে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান।

ব্লকের তৃণমূল নেতা ফটিকরঞ্জন পাহাড়ী অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, মানুষ বলছে আপনারা সাবধান হোন। তৃণমূল কংগ্রেস কারোর ঘরের পার্টি নয়।” আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলার বার্তা দিয়ে রাজ্যের উন্নয়নমূলক নানান প্রকল্পের দিক তুলে ধরেন। 

এদিনের অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ সহ একাধিক কাজের পর্যালোচনা করা হয়। ফটিকরঞ্জন পাহাড়ী ছাড়াও উপস্থিত ছিলেন তারাশঙ্কর পাত্র, সুকুমার মিশ্র, শিক্ষক নেতা প্রসাদ দত্ত, কুসুমপুর অঞ্চলের তৃণমূল নেতৃত্ব মিলন দাস, অঞ্চলের এস টি সেলের নেতৃত্ব শ্রীনাথ হেমব্রম, কুসুমপুর অঞ্চলের উপপ্রধান ভবানী প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যা স্বপ্না সাউ, ছাত্র নেতা তিমির পাত্র সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *