ইসলামপুরে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল, কংগ্রেস ও বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি: মঙ্গলবার ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। এদিন দুপুরে ইসলামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে জড়ো হন তৃণমূলের প্রার্থীরা। সেখান থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে যান প্রার্থীরা। এদিনের এই কর্মসূচিতে দ্বন্দ্ব ভুলে একসাথে উপস্থিত ছিলেন কানাইয়ালাল আগরওয়াল ও আব্দুল করিম চৌধুরী। দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। এদিন ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৫ টি ওয়ার্ডে নমিনেশন দেয় তৃণমূল প্রার্থীরা। ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়ন জমা দেননি এদিন।

অন্যদিকে প্রবল উৎসাহ-উদ্দীপনার মধ্যেই মঙ্গলবার ইসলামপুর পুরসভার ১০ টি ওয়ার্ডে মনোনয়ন জমা দিলেন বাম প্রার্থীরা। এদিন লাল পতাকা হাতে ধামসা, মাদল বাজিয়ে নমিনেশন জমা দেন বাম প্রার্থীরা। স্বপন গুহ নিয়োগী, সামি খান সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি, এদিন আসন্ন পৌরসভা নির্বাচনে কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কাজ দিনভর চলল রায়গঞ্জের অফিসপাড়া কর্ণজোড়া এলাকায়। এদিন জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দেন কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৭ টি, বামফ্রন্টের পক্ষ থেকে ১৭ টি ও কংগ্রেসের পক্ষ থেকে ৯ টি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় বলে জানা গিয়েছে।

এদিন কালিয়াগঞ্জের ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বসন্ত রায় মনোনয়নপত্র জমা দিতে এসে বলেন, তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। এবারের নির্বাচনে ১৭-০ আসনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে, মনোনয়নপত্র জমা দিতে এসে সিপিআইএম নেতা উত্তম পাল বলেন, বামফ্রন্টগত ভাবে কালিয়াগঞ্জ পৌরসভার ১৭ টি আসনেই মনোনয়নপত্র জমা দেওয়া হল সিপিআইএমের পক্ষ থেকে। ১৫ টি আসনে সিপিএম, ১ টিতে ফরওয়ার্ড ব্লক ও ১ টিতে আরএসপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে।

অন্যদিকে, এদিন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থীরা। জানা গিয়েছে ১৭টি আসনের মধ্যে ৯ টি আসনে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেসের প্রার্থীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ।

অন্যদিকে, একই দিনে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন ডালখোলা পুরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিন ১৪ জন দলীয় প্রার্থী মিছিল করে মনোনয়ন জমা দেন। তবে ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের দুই প্রার্থী এদিন মনোনয়ন জমা দেননি। করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *