গভীর রাতে গৃহস্থের বাড়ির গ্রিলের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ ফেব্রুয়ারি: গভীর রাতে গৃহস্থের বাড়ির গ্রিলের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। মোট চারটি ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। প্রত্যেকটি আলমারি ভেঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সোনার গয়না সহ নগদ টাকা চুরি করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার আট নম্বর ওয়ার্ডের শিব চন্দ্র পাল লেন দত্তপাড়া এলাকায়।

জানাগেছে, গৃহস্থের বাড়ির মালিক সুবীর ভট্টাচার্য তার স্ত্রীর অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তার মেয়ের বাড়ি বারাসতে যায় গত মাসের কুড়ি তারিখে। প্রতিবেশী এক পরিবারকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে যান তিনি। প্রতিদিনই প্রতিবেশী পরিবারের এক সদস্য শুভজিৎ প্রামানিক তার বাড়ি দেখাশোনা করে। প্রতিদিনের মত আজ সকালে শুভজিৎ প্রামানিক সুবীর ভট্টাচার্যের বাড়িতে ঢুকে দেখে গ্রিলের তালা নেই, পাশেরই জলের ট্যাঙ্কের সামনে তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এরপর এক একটি ঘরের ভিতরে ঢুকে দেখেন প্রত্যেকটি ঘরের আলমারি ভাঙ্গা এবং সমস্ত জামাকাপড় তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও প্রয়োজনীয় নথিপত্র, সোনার গয়না এবং নগদ টাকা উধাও। এরপর তড়িঘড়ি বাড়ির মালিককে ফোন করে শুভজিৎ প্রামানিক। বাড়ির মালিকের কাছ থেকে জানা যায় প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিল
আলমারিগুলিতে। যদিও অসুস্থতার কারণে এখনও বাড়িতে এসে পৌঁছাতে পারেনি বাড়ির মালিক সুবীর ভট্টাচার্য। গভীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।

যদিও প্রতিবেশী পরিবারের সদস্য শুভজিৎ প্রামানিকের প্রাথমিক অনুমান বাড়ির মালিক দীর্ঘদিন বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এই দুঃসাহসিক চুরি। প্রতিবেশী পরিবারের সদস্য শুভজিৎ প্রামানিক জানান, এখনো পর্যন্ত শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়নি বাড়ির মালিক এলে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *