জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: মঙ্গলবার মেদিনীপুর পৌরসভার জন্য তৃণমূল কংগ্রেসের এগারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শহরের ফেডারেশন হলে প্রার্থীদের সঙ্গে মিলিত হন বিধায়ক জুন মালিয়া। সেখান থেকে তার নেতৃত্বেই এগারো জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
এদিন সাংবাদিকদের জুন মালিয়া বলেন, মেদিনীপুর পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে আজ টিম ইলেভেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা সবাই যোগ্য প্রার্থী, মেদিনীপুর শহরে দীর্ঘদিন ধরে কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরে জুন মালিয়া বলেন, পৌরসভায় জয়ের ক্ষেত্রে তিনি যথেষ্ট আশাবাদী।

প্রার্থী তালিকা বিভ্রাট প্রসঙ্গে বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো যে প্রার্থী তালিকা পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সি ঘোষণা করেছেন সেটাই ঠিক। এদিন হাতে বল নিয়ে খেলা হবে স্লোগান দিতে দিতে জুন মালিয়ার সঙ্গে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যান।

