আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশে সফরকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আঞ্চলিক দলগুলির ব্যক্তিগত স্বার্থ ছাড়া কিছুই নেই, তারা এক একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি।
মঙ্গলবার আসানসোল পুরনিগমের ভোট প্রচারে যান বিজেপির রাজ্য সভাপতি। পুরনিগমের দুটি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের হয় দুয়ারে দুয়ারে প্রচারে অংশগ্রহণ করেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর সম্পর্কে তিনি বলেন,”ব্যানার্জি পরিবারের একজন সদস্য উত্তরপ্রদেশের যাদব পরিবারকে সাহায্য করতে গেছেন। এই সমস্ত যে রিজিওনাল পার্টি বা আঞ্চলিক দলগুলি আছে তা এক একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। এরা ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। এদের অন্য কোনও স্বার্থ নেই।” কটাক্ষের সুরে বিজেপি নেতা বলেন, “বাংলায় একটা কথা আছে, সুরির সাক্ষী মাতাল। মমতা ব্যানার্জি ওখানে সেটাই করতে গেছেন।” সুকান্ত অভিযোগ করেন, অখিলেশ যাদবের আমলে উত্তরপ্রদেশের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছিল। দুষ্কৃতিদের স্বর্গরাজ্য ছিল সেই সময় উত্তরপ্রদেশ। তিনি দাবি করেন, যোগী আদিত্যনাথের শাসনকালে উত্তরপ্রদেশ উত্তম প্রদেশে পরিণত হয়েছে। আর সেই উত্তম প্রদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন যদি একটু কোনওরকম ভাবে ডিস্টার্ব করা যায় সেই জন্য।
সোমবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করতে লখনৌতে পৌঁছন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক নির্বাচনী জনসভায় তিনি স্লোগান দেন, আব কি বার দেশ কি সরকার। অখিলেশ যাদব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হারের ভয় আরো বেড়ে যাবে বিজেপির।

