স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ নভেম্বর: গভীর রাতে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি দুষ্কৃতী হামলা, বাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এছাড়া আতঙ্কে গোটা পরিবার। ঘটনাটি গতকাল গভীর রাতে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বেলঘড়িয়া’র।
অভিযোগ, গতকাল গভীর রাতে ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি সুবল মল্লিকের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। এরপর গোটা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

তবে কেন এই হামলা? এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না তৃণমূলের বুথ সভাপতি সুবল মল্লিক। তাহলে কি এই হামলার পেছনে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কোনও কারণ, সবটাই এখনো পর্যন্ত ধোঁয়াশা। আজ সকালে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর পরিস্থিতি খতিয়ে দেখে। এছাড়াও কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।

