জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শনিবার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকালে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে হিন্দু-মুসলিম সমস্ত জাতি ধর্মের ভাইবোনেরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন তৃণমূলের এসটি সেলের জেলা সভাপতি ভদ্র হেমব্রম, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং সহ তৃণমূল নেতা কর্মীরা।

এদিন ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে গণ ভাই ফোঁটার আয়োজন করে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সদস্যরা। গত বিধানসভা নির্বাচনের পর থেকে ঘরছাড়া হয়েছিলেন জঙ্গলমহলের বেশকিছু বিজেপি নেতা কর্মী। গড়বেতা, কেশপুর, সবং, পিংলা, ডেবরা, শালবনী থেকে বিজেপি কর্মী সমর্থক বাড়ি ছাড়া হয়ে বিজেপির পার্টি অফিসে আশ্রয় নিয়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা বেশিরভাগই বাড়ি ফিরে যান। কিন্তু অনেকে এখনো বাড়ি ফিরতে পারেননি। এরকম আট থেকে দশজন বিজেপি নেতা কর্মী রয়েছেন বিজেপি পার্টি অফিসে। সঙ্গে একজন মহিলাও। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন থেকে ঘরছাড়া এই বিজেপি কর্মীদের জন্য আজকের এই বিশেষ দিনে ভাই ফোঁটার আয়োজন করল জেলা বিজেপি। বিজেপির মহিলা মোর্চার কর্মীরা করালেন মিষ্টিমুখ। সঙ্গে দীর্ঘায়ু কামনা করে সুস্থ ভাবে বাড়ি ফেরার প্রার্থনা জানাল মোর্চার কর্মীরা।


