আমাদের ভারত, হাওড়া, ৬ নভেম্বর: বাগনান
স্টেশনে আশ্রয় নেওয়া বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার মানুষদের একসাথে বসিয়ে অভিনব ভাইফোঁটার আয়োজন করল বাগনানের স্বজন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে দক্ষিণ পূর্ব রেলের বাগনান স্টেশনের বাইরে এক অনুষ্ঠানে এইসব মানুষদের ভাইফোঁটা দেওয়ার পাশাপাশি চলে মিষ্টিমুখের পালা। সঙ্গে ছোট উপহার।

তবে ভাইদের কপালে ফোঁটা দেওয়াই নয় পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং গাছ বাঁচাতে গাছকেও ফোঁটা দিল সংগঠনের সদস্যরা। এদিন বাগনান স্টেশনের প্ল্যাটফর্মে একটি রাবার গাছে ফোঁটা দিয়ে গাছ বাঁচানোর অঙ্গীকার করল সংগঠনের সদস্যরা। পরে বিকালে দেউলটির সামতাবেড় গ্রামে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে ভাইফোঁটা থেকে বঞ্চিত দুই ভাইয়ের কপালে ফোঁটা দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

স্টেশনে এই অভিনব ভাইফোঁটার আয়োজন সম্পর্কে স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু জানান, বছরের এই বিশেষ দিনে স্টেশনে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এই আয়োজন।

