আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ অক্টোবর: বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে ভাইফোঁটায় মিলন উৎসবের আয়োজন করল নন্দকুমারের কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি। ধান, দুর্বা, প্রদীপ থেকে চন্দন কোনও কিছুর কমতি ছিল না। ফোঁটার পরে মিষ্টিমুখও করানো হল রীতি মেনে। শনিবার সকালে এলাকার প্রায় শতাধিক দিব্যাঙ্গ শিশু, বয়স্ক ও কর্মকর্তাদের ভাইফোঁটা দেন প্রতিবন্ধী বোনেরা। এদিন সমিতির পক্ষ থেকে প্রতিবন্ধী ভাই-বোনেদের নতুন পোশাক উপহার দেওয়া হয়। ফোঁটা দেওয়ার সময় টিফিনে ছিল লুচি, তরকারি, সুজি, মিষ্টি। এরপর আবার দুপুরে খাওয়ার আয়োজন ছিল। দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস, মাংস, মিষ্টি।

কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির সম্পাদক শৌলজা বাড়ি জানান, কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি সারা বছর ধরে জেলা জুড়ে দিবাঙ্গদের সেবায় নিয়োজিত থাকে। দিব্যাঙ্গ ও বয়স্করা সমাজের প্রতিটি কাজে অংশগ্রহণ করতে পারে সেটা আবারও প্রমাণ করল। আজ ভ্রাতৃত্বের এই মেল বন্ধনের মিলন উৎসব হয়ে থাকল একটা দৃষ্টান্ত।


