জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ নভেম্বর: একদল পাষণ্ডের চরম নির্মমতার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর। খড়্গপুর শহরের নিরীহ এক পথ-কুকুরের পা’য়ে ‘শব্দবাজি’ বেঁধে বাজি ফাটানোর পৈশাচিক উল্লাসে মেতে উঠল খড়্গপুর শহরের খরিদা এলাকার একদল নিষ্ঠুর। পরিণামে অবলা ওই সারমেয়’র পা ও লেজ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মৃত্যু’র সঙ্গে পাঞ্জা লড়ছে ওই সারমেয়টি। তার চিকিৎসা ও দেখাশোনা করছে খড়্গপুর শহরের একটি পথ কুকুরদের সংগঠন ও পশু চিকিৎসক।
এদিকে, নির্মম এই ঘটনায় খড়্গপুরের এসডিপিও (মহকুমা পুলিশ আধিকারিক) দীপক সরকারের নেতৃত্বে খড়্গপুর টাউন থানা ইতিমধ্যে ৯ জনকে আটক করেছে বলে জানাগেছে। কালীপুজোর রাতে খড়্গপুর শহরের খরিদা’র গুরুদ্বার সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটানো হয়। ক্ষতবিক্ষত হয় কুকুরটির শরীর। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পা ও লেজ। এই ঘটনায় সমাজ মাধ্যমে নিন্দায় সরব হয় সচেতন নাগরিকরা। বিভিন্ন পথ পশু ও কুকুরদের সংগঠন এর তীব্র প্রতিবাদ জানায়। তারপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ৯ জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, খড়্গপুর শহরের পথ কুকুরদের একটি সংগঠন ও কয়েকজন পশু চিকিৎসকের তত্ত্বাবধানে আহত ও ক্ষতবিক্ষত কুকুরটির চিকিৎসা করা হচ্ছে।

