কেন্দ্রীয় প্রতিনিধিদের সামনেই ব্যাপক মারামারিতে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি, চাঞ্চল্য হব্বিবপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ আগস্ট: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই সময় স্থানীয় বিজেপি কর্মীরা কেন্দ্রীয় প্রতিনিধির সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের দুর্নীতি নিয়ে অভিযোগ করতে গিয়েছিলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় প্রতিনিধিদের সামনেই তৃণমূল কর্মীদের সঙ্গে তাদের তর্কাতর্কি ও তারপর ব্যাপক মারামারি শুরু হয় বলে অভিযোগ। নদিয়ার হবিবপুরের রানাঘাট ১ নম্বর বিডিও অফিসের ঘটনা। পরে রানাঘাট থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ছিল রাখি বন্ধন উৎসব। সকাল থেকে আকাশের মুখ ভার, আর তার মধ্যে বৃষ্টিতে নাজেহাল রাখি উৎসব কমিটির কর্মকর্তারা। বৃহস্পতিবার রানাঘাটের হবিবপুর বিডিও অফিসে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই সময় চলছিল রানাঘাট ২ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাখি বন্ধন উৎসব। সেই সময় বিজেপির কর্মী সমর্থকরা শাসক দলের বিভিন্ন দুর্নীতি নিয়ে ওই বিডিও অফিসে প্রতিবাদ জানান বিডিও আধিকারিকের কাছে। বিজেপির কর্মীরা চোর চোর বলে তৃণমূলের কর্মীদের আক্রমণ করতে থাকে। সেই সময় শুরু হয় একে অপরের মধ্যে কথা কাটাকাটি তা থেকে শুরু হয় হাতাহাতি। এরপরই গ্রামের পঞ্চায়েত প্রধান ও তার দলবল বিজেপি কর্মীদের উপর বাঁশ, লোহার রড নিয়ে ব্যাপক মারধর করে। এই ঘটনায় বিজেপির কর্মী সমর্থকরাও পাল্টা তৃণমূলের বেশ কয়েকজনের উপর ব্লেড, বাঁশ দিয়ে হামলা করে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের ৫ জন গুরুতর আহত হয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন। তাদের অনেকের নাকে এবং হাতে ক্ষত চিহ্নের দাগ দেখা গেছে। আহত তৃণমূল কর্মীরা হলেন নিখিল বিশ্বাস, জানকী কান্ত দাস, মেহের আলী মোল্লা, মহঃ সাবির।

এবিষয়ে তৃণমূলের আহত এক কর্মী বলেন, আমরা মুসলিম বলে আমরা কেন রাখি বন্ধন উৎসব করছি এই নিয়ে দু’পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়।অন্যদিকে এই মারধরের ঘটনায় বিজেপির প্রায় ১২ জন আহত হয়েছেন বলে বিজেপির এক কর্মী তাপস রায় জানান। তিনি বলেন, আমাকে ব্যাপক মারধর করে তৃণমূল বাহিনী। আমাকে ফেলে হাতে পায়ে বাঁশ দিয়ে মারা হয়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রানাঘাটের হবিবপুর বিডিও অফিস চত্বরে।ঘটনা সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়।

আহতদের দেখতে হাসপাতালে যান রানাঘাট ১ নং ব্লক সভাপতি তাপস ঘোষ। এছাড়া বিজেপির রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি। রানাঘাট থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়।
বিজেপি বিধায়ক তথা নদিয়া দক্ষিণ বিজেপির সভাপতি পার্থ সারথি চ্যাটার্জি বলেন, “আমরা বারাসত পঞ্চায়েতের ৫৬ টা ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ জানিয়েছি কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে। সেই সময় তৃণমূলের কর্মীরা আমাদের মারধর করে। আমাদের ১২ জন কর্মী আহত হয়েছে”।

অপরদিকে রানাঘাট এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তাপস ঘোষের দাবি, “আমাদের কর্মীরা রাখি বন্ধন উৎসব পালন করছিল। কেন্দ্রীয় প্রতিনিধিরা আসায় তারা দেখতে গেছিল। তখন দু’পক্ষের মধ্যে গালাগালি ও মারামারি হয়। আমাদের ৫ জন তৃণমূল কর্মী আহত হয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *