স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ আগস্ট: অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠে বিজেপির কর্মী সমর্থকরা। তার বিভিন্ন বাচনভঙ্গি ক্রিয়া-কলাপ অতীতে মিম হয়েছিল। বিজেপি এবার রাজনীতির ময়দানে নামলো তার দেখানো পথেই। আজ নদিয়ার ফুলিয়ায় পথ চলতি সাধারণ মানুষকে গুড় বাতাসা নকুল দানা খাওয়ানো হয়। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারে চড়াম চড়াম ঢাক বাজিয়ে তার সৃষ্ট বিভিন্ন মন্তব্য জনসাধারণের মাঝে তুলে ধরা হয়।

বিজেপি নেতা বলেন, সবে মাত্র দু’জন গ্রেফতার হয়েছে। বাকি রয়েছে আরও ১৯ জন। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত নৈতিকতার দায়ে। কারণ গোটা মন্ত্রিসভা সহ তৃণমূল দলটাই স্বজনপোষন এবং দুর্নীতির আস্তাকুঁড়ে পরিণত হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের কোটি কোটি টাকা সাধারণ মানুষকে না দিয়ে তারা আত্মসাৎ করেছে, বেকার ছেলেমেয়েদের প্রতিভার মূল্য না দিয়ে তারা দুর্নীতির সাথে আপোষ করে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। মানুষ মুখ খুলতে আরম্ভ করেছে, তৃণমূলের সময় আর বেশি নেই।


