কেশপুরে গোষ্ঠী দ্বন্দ্বে ফের জখম তৃণমূল কর্মী

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: তৃণমূলের নব্য ও পুরনোদের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। গত শুক্রবার দুই কর্মীর আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার রাতে কেশপুর ব্লকের আনন্দপুর থানা এলাকার জগন্নাথপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে শেখ নাসির আলী নামে এক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর জখম হয়েছেন। এদিন রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শেখ নাসির আলীর অভিযোগ, ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠীর মদতে কেশপুরের ৯ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তার ওপর হামলা চালায় একদল নব্য তৃণমূল কংগ্রেস কর্মী। লাঠি, বাঁশ ও রড দিয়ে তার বুকে মাথায় এবং কোমরের নিচে বেধড়ক মারধর করা হয়েছে।

আনন্দপুর থানা এলাকায় গত শুক্রবার রাতেও নব্য তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন প্রথম থেকে তৃণমল করে আসা দুই কর্মী। ঐদিন রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে আনন্দপুর থানার জগন্নাথপুর গ্রামেই। রাত আটটা নাগাদ এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন শাহিদুল রহমান ও সেক আসেফ আলি নামে দুই পুরনো তৃণমূল কর্মী। সেই সময় ১৫/২০ জন এসে অতর্কিতে দুজনের উপর হামলা চালায়। রড, বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় দু’জনকে। সেদিনও আক্রান্তদের পক্ষ থেকে ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠীর দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *