সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ অক্টোবর: ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কয়েক ঘন্টার নোটিশে স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করলেন গাইঘাটা থানার পুলিশ। বনগাঁ ব্লাড ব্যাঙ্কের আপদকালীন রক্তের চাহিদা মেটাতেই এই আয়োজন।

হাসপাতাল সূত্রের খবর, দুর্গাপুজোর পর স্বেচ্ছায় রক্তদান কমে যাওযায় উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতলে প্রয়োজনের তুলনায় রক্তের যোগানও কমে গিয়েছে। আগামীদিনে দেখা দিতে পারে রক্তের সঙ্কট। জেলা পুলিশের কাছে রক্তের জন্য আবেদন জানায় বনগাঁ ব্লাড ব্যাঙ্ক। সেই আবেদনে সাড়া দিয়ে গাইঘাটা থানার পুলিশ রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন গাইঘাটা থানার মধ্যেই স্বেচ্ছায় রক্তদান শিরিরের আয়োজন করেন গাইঘাটা থানার ওসি।

ব্লাড ব্যাক সূত্রে জানা গিয়েছে, বনগাঁ ব্লাড ব্যাঙ্কে প্রতি সপ্তাহে গড়ে ১৬০ ইউনিট রক্তের প্রয়োজন। উৎসব কালীন সময়ে চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ায় কিছুটা রক্তের সঙ্কট। বনগাঁ ব্লাড ব্যাঙ্ক মুমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে নিয়মিত রক্তদান শিবির আয়োজনের দাবি জানায়। প্রতি সপ্তাহে ২০০ ইউনিট রক্তের প্রয়োজনে অন্তত ৪/৫ টি রক্তদান শিবিরের প্রয়োজন। এদিন গাইঘাটা থানার পক্ষ থেকে এলাকার সমস্ত ক্লাব ও স্বেচ্ছাসেবী সংঠন গুলিকে রক্তদান শিরিরের জন্য আবেদন জানায়।

