রবিবার থেকে রাজ্যে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন

আমাদের ভারত, ২৯ অক্টোবর: দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর আগামী ৩১ অক্টোবর অর্থাৎ রবিবার থেকেই লোকাল ট্রেন পরিষেবা রাজ্যে চালু হতে চলেছে। ৫০% যাত্রী নিয়ে আপাতত লোকাল ট্রেন গুলো চলবে বলে নবান্ন সূত্রে খবর।

রাজ্যের ৪ আসনে উপনির্বাচন হবে শনিবার। আর তার পরদিন থেকেই লোকাল ট্রেন চলবে স্বাভাবিক নিয়মে। প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে মুম্বইতে। করোনা পরিস্থিতির আগের অবস্থায় লোকাল ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত দিয়েছে মধ্য-পশ্চিম রেল। লোকাল ট্রেনকে মুম্বাইয়ের লাইফ লাইন বলা হয়। মুম্বাইয়ের মত লোকাল ট্রেনকে এই রাজ্যেও লাইফলাইন বলা যেতেই পারে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেনে হাওড়া শিয়ালদা শাখায় যাতায়াত করেন।

পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাতেও তারা লোকাল ট্রেন চালানোর জন্য তৈরি ছিলেন। রাজ্য সরকার বিধিনিষেধ তুলে নেওয়ায় লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার প্রস্তুতি শুরু হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, “গত মে মাসে থেকে রাজ্য সরকারের নির্দেশে লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রিত রয়েছে। রাজ্য সরকারের অনুমতি মেলায় এবার রবিবার থেকে তা চালু হবে। আমরা আগে থেকেই তৈরি ছিলাম।”

একইসঙ্গে তিনি বলেন, “সব লোকাল ট্রেন চালু হয়ে গেলেও রেলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আর্জি থাকবে যাতে কেউ যেন খুব জরুরী কারণ ছাড়া ট্রেনে সফর না করেন।” বর্তমানে সব শাখাতেই কিছু কিছু স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। সাম্প্রতিককালে তার সংখ্যা বাড়ানো হয়েছে।‌ অক্টোবর মাস পর্যন্ত বিধি-নিষেধ জারি করে রেখেছিল রাজ্য সরকার। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন চলাচল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নভেম্বরের মাঝামাঝি রাজ্যে স্কুল কলেজ খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আর এরপরই রেল কর্তারা আশা করেছিলেন খুব তাড়াতাড়ি ট্রেন চলবে রাজ্যেও। সেই খবর শুক্রবারেই পাওয়া গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *