স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ এপ্রিল: “রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় যেভাবে জনসভায় উত্তপ্ত বক্তব্য রাখছেন এবং খেলা হবে বলে তৃণমূল কর্মীদের উসকে দিচ্ছেন তাতে রাজ্যে এধরনের হিংসাত্মক ঘটনা ও তৃণমূলের দুষ্কৃতীরা লুটপাট চালাবেই “। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় গোঘাটে বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর ঘটনা এবং তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন উদ্ধারের ঘটনায় এমনই মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। মঙ্গলবার দলের প্রতিষ্ঠা দিবসে রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।
গোঘাটে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এক বিজেপি কর্মীর উপর অতর্কিতে হামলা চালালে তাঁর মা ছেলেকে বাঁচাতে গেলে সেই মায়ের উপরেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে মারা যান গোঘাটের বিজেপি কর্মীর মা মাধবী দেবী। এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী সরাসরি এই ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দায়ী করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উত্তপ্ত ও প্ররোচনামূলক বক্তব্যের জন্যই তৃণমূল কর্মীরা এধরনের হত্যালীলা চালাচ্ছে। তাঁর অভিযোগ, দুটো ফেজের ভোটে তৃণমূল বুঝে গিয়েছে যে মানুষ তাদের ছুড়ে ফেলে দিয়েছে। আর তাই এখন তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি শুরু করেছে। বিজেপি কর্মীদের উপর আক্রমণ, হামলা ও হত্যা করা হচ্ছে। লুটপাট চালিয়ে ভোট করার চেষ্টা চালাচ্ছে। দেবশ্রী চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন যতই ইভিএম লুটপাট করার চেষ্টা করুক না কেন বাংলায় এবার মানুষ তৃণমূল কংগ্রেসকে বর্জন করে বিজেপিকে ক্ষমতায় আনছে। তৃণমূল কংগ্রেসের নাম কালের দেওয়ালে লেখা হয়ে গিয়েছে বলে মত প্রকাশ করেছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

