বনগাঁয় বিজেপির প্রচারে যাওয়ায় যুবককে মারধর, খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ এপ্রিল: বিজেপির মিছিল, মিটিংয়ে যাওয়ায় এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা শম্ভু দাসের দলবল এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার তালতলা এলাকায়। আহত সমরজিত মণ্ডল এখন চিকিৎসাধীন। ঘটনার কথা জানাজানি হতেই আহত সমরজিত মণ্ডলকে দেখতে ঘটনাস্থলে যান বিজেপি নেতা দেবদাস মণ্ডল।

স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে সমরজিত বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন। প্রচার সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতা শম্ভু দাসের অনুগামীরা সমরজিতের পথ আটকায়। সমরজিত কিছু বুঝে ওঠার আগেই তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বিজেপি করলে বা তাদের মিটিং মিছিলে গেলে খুন করার হুমকি দেয় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ভয় দেখিয়ে বিজেপিকে আটকে রাখা যাবে না। ইতিমধ্যে এই রাজ্যে বহু বিজেপি কর্মীদের প্রাণ নিয়েছে তৃণমূল। তারা এর জবাব পাবে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *