স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ এপ্রিল:
বিজেপির দলীয় পতাকা, ব্যানার ছিঁড়ে ফেলে আগুন এবং দেওয়ালে প্রার্থীর নামের উপর কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনি এলাকার।

সূত্রের খবর, গতকাল কে বা কারা রাতে বিজেপির পতাকা এবং একাধিক ব্যানার ছিঁড়ে ফেলে। পরে ওই দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর পাশাপাশি বিজেপির দেওয়ালের প্রার্থীর নামের ওপর কালি ছিটিয়ে দেওয়া হয়। সকালে বিজেপি কর্মী সমর্থকদের ঘটনাটি নজরে আসতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে একে একে ভিড় জমান বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কারণে তারা এলাকায় এই ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চাইছে।
ইতিমধ্যে বিজেপির দলীয় নেতৃত্ব নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছে। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থীদের অভিযোগ, বিজেপির প্রার্থী ঘোষণার পরেই গোষ্ঠী কোন্দল শুরু হয়। সেই কারণেই তাদের গোষ্ঠী কোন্দলের ফলেই এই নোংরা কাজ করেছে তারা নিজেই। শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত করে এই অভিযোগ আনছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে শান্তিপুর থানার পুলিশ।

