কাঁকসার জঙ্গলে অবাধে চলছে গাছ চুরি, বৃক্ষ নিধন ঠেকাতে উদ্যোগ বনদফতরের

জয় লাহা, দুর্গাপুর, ১ জুন: দেশজুড়ে করোনার মারণ থাবা। লাফিয়ে বাড়ছে সংক্রামকের সংখ্যা। সঙ্কট দেখা দিয়েছে অক্সিজেনের। তারমধ্যেই অবাধে চলছে বৃক্ষ নিধন। গ্রামের পাশে জঙ্গলে চলছে গাছ চুরি। ঘটনাটি ঘটছে কাঁকসার শিবপুর জঙ্গলে। খবর পেয়ে গাছ চুরি ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল বনদফতর।

  ঘটনায় জানা গেছে, কাঁকসার বনফুলঝোড় গ্রাম লাগোয়া প্রায় ৬-৭ বিঘার জঙ্গল। স্থানীয় পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে একসময় বনসৃজন করা হয়েছিল। মুলত, আকাশমনি ও সোনাঝুরি গাছ রয়েছে। পরবর্তী কালে ওই গাছের বীজ পড়ে নতুন করে চারগাছ তৈরী হতে শুরু করেছে। চলতিবছর ওইসব চারা বেশ সাবলীল হয়েছে। সম্প্রতি ওইসব গাছ অবাধে চুরি যাচ্ছে। প্রায় ১০০টির বেশি গাছ ইতিমধ্যে চুরি গেছে। এভাবে গাছ চুরি যাওয়ায় নজরদারি ও সচেতনতার প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে, জ্বালানীর জন্য ওইসব গাছ কেটে নিয়ে যাচ্ছে। আর প্রশ্ন এখানেই, কেন্দ্র সরকার বৃক্ষ নিধন ও দূষন ঠেকাতে উজ্জ্বালা যোজনায় গরিব পরিবারে গ্যাস সংযোগের ব্যাবস্থা করেছে। তারপরও কেন জঙ্গলের গাছ কেটে জ্বালানি? সম্প্রতি করোনা আবহে দেশজুড়ে অক্সিজেনের টান পড়েছে। নতুন করে বনসৃজনের বার্তা উঠেছে। তখন এভাবে গাছ চুরিতে নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।

যদিও খবর পেয়ে গাছ চুরি ঠেকাতে জোর তৎপরতা শুরু করে দুর্গাপুর মুচিপাড়া ফরেষ্ট রেঞ্জ। খবর পেয়েই এলাকায় যান মুচিপাড়া রেঞ্জার তরুনকান্তি ব্যানার্জি। গোটা এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। তিনি জানান, “এলাকাটি বনদফতরের নয়, পঞ্চায়েতের। তবুও গাছ কাটা হচ্ছে শুনেই গিয়েছিলাম। মানুষকে আরও সচেতন হতে হবে। সচেতনতা ও গাছগুলি রক্ষার জন্য গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসা হবে। স্থানীয় বনরক্ষা কমিটিকে বাড়তি নজরদারির জন্য বলা হয়েছে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *