সুশান্ত ঘোষ, হাবড়া, ১ জুন: করোনা রোগীকে হাসপাতলে নিয়ে যাওয়ার জন্য টোটো এ্যাম্বুলেন্সতৈরি করে সাধারণ মানুষের ব্যবহারের ব্যবস্থা করলেন হাবড়ার একবাসিন্দা। এটি তৈরি করেছেন, উত্তর ২৪ পরগনার হাবড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কামারথুবা এলাকার বাসিন্দা সুব্রত মিশ্র। এই টোটো এ্যাম্বুলেন্স পেয়ে খুশি হাবড়ার মানুষ।
এই উদ্যোগের কারণ জানতে চাইলে সুব্রতবাবু জানান, মে মাসের ২ তারিখ করোনা আক্রান্ত হন সুব্রতবাবু। সেই সঙ্গে তাঁর স্ত্রীও আক্রান্ত হন। এই সময় সুব্রতবাবুকে হাসপাতলে নিয়ে যাওয়ার সময় কোনও গাড়ি বা এ্যাম্বুলেন্স যেতে রাজি হয়নি। সরকারি দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় নিজেই টোটো চালিয়ে স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান চিকিৎসা করাতে।
তখন থেকেই একটা আক্ষেপ শুরু হয় সুব্রতবাবুর মনে।এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরে সিদ্ধান্ত নেন অসহায় করোনা আক্রান্ত রোগীদের জন্য একটা টোটো গাড়ির ব্যবস্থা করবেন।করোনা রোগকে জয় করে তিনি তৈরি করেন টোটো এ্যাম্বুলেন্স।টোটো এ্যাম্বুলেন্সের গায়ে লেখা ফোন নম্বর ফোন করলেই এবার করোনা আক্রান্ত মানুষের বাড়িতে পৌঁছে যাবে টোটো এ্যাম্বুলেন্স।
ওই টোটো এম্বুলেন্সে ডাক্তার দেখাতে যাওয়া বা হাসপাতালে
যাওয়ার জন্য ব্যবহার করবেন হাবড়ার মানুষ। সোমবার ওই টোটো এ্যাম্বুলেন্স হাবড়া হাসপাতালের সুপারের হাতে তুলে দিলেন সুব্রতবাবু ও তাঁর স্ত্রী। খুবই স্বল্প খরচে মানুষকে পরিষেবা দেবে এই টোটো
এ্যাম্বুলেন্স।
সুব্রতবাবুর বলেন, তিনি যে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন তা যেনআর কাউকে না হতে হয়। সেই জন্যই তিনি এই টোটোকে এ্যাম্বুলেন্স তৈরি করে সকলের ব্যবহারের উদ্দেশ্যে দিলেন।যেহেতু একজন চালক ও গাড়ি মেরামতের জন্যে অর্থের প্রয়োজন, সে কারনেই সামান্য কিছু অর্থ দিতে হবে যাত্রীকে। তবে যে সমস্ত করোনা আক্রান্ত পরিবারের অর্থ দেওয়ার ক্ষমতা নেই, তারা বিনামূল্যেই পাবে এই টোটো এ্যাম্বুলেন্স।

