আমাদের ভারত, মালদা, ১ জুন: তুকতাক করে এই সন্দেহে এক গৃহবধূ ও তার দুই মেয়েকে এলোপাতাড়ি হাঁসুয়ার কোপ। মা এবং দুই মেয়েকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। মায়ের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সন্ধে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ির থানার রামনাথপুর গ্রামে। আহতরা হলেন, মা অর্চনা মণ্ডল ও তার দুই মেয়ে সুইটি মণ্ডল ও পূর্ণিমা মণ্ডল। দুই মেয়ের একজন অষ্টম শ্রেণি ও অন্যজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় আম বাগান পাহারা দিয়ে দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন অর্চনা মণ্ডল। সেই সময় আচমকা এলাকার বাসিন্দা ভোলা ঘোষ ও তার দলবল তাদের রাস্তা আটকায় এবং এলোপাথারি হাঁসুয়ার কোপ চালাতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অর্চনা। আহত হয় তার দুই মেয়েও। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মা অর্চনা মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহত সুইটি মণ্ডল জানিয়েছে, অভিযুক্ত ভোলা ঘোষ ঝাড়ফুঁক করার অপবাদ দিত তার মা কে। সেই আক্রোশেই হাঁসুয়া দিয়ে তাদেরকে কোপানো হয়েছে বলে জানায় সুইটি। যদিও পুলিশ জানিয়েছে, আক্রান্ত ও অভিযুক্তের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই ভোলা ঘোষ হাঁসুয়া নিয়ে আক্রমণ চালায়। ঘটনার পর থেকেই ভোলা ঘোষ পলাতক।

