জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগ মাশরুম চাষ এবং মৌমাছি পালন করে কীভাবে স্বনির্ভর হওয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।
২০১৯ সালের জানুয়ারি মাসে বোটানি বিভাগের উদ্যোগে ও মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে মৌমাছি প্রতিপালন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাশরুম চাষের উপর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ৬ মাসের একটি কোর্স চালু হয়। মৌমাছি প্রতিপালন ও মাশরুম চাষের উপর সাত দিনের প্রশিক্ষণ শিবির করানোরও সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে সময় অনেকেই কোর্সে ভর্তির আবেদন জানালেও ক্লাস শুরু হওয়ার আগেই করোনা সংক্রমণের জেরে তা বন্ধ হয়ে যায়। কোর্সগুলি হাতে কলমে না শিখলে তার কোনও যৌক্তিকতা থাকে না, সে কারণে অন্যান্য সমস্ত বিষয়ের পড়াশোনা অনলাইনে চালু হলেও এগুলি বন্ধই থেকে যায়। অবশেষে দীর্ঘ প্রায় ২১ মাস পর সেই প্রশিক্ষণ চালু হয়েছে। আগামী দিনে এই দুটি কোর্স ছাত্রছাত্রীদের বিকল্প আয়ের দিশা দেখতে পারে বলেই মনে করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন্দিতা জানা জানান, মাশরুম চাষের মধ্য দিয়ে এলাকার মানুষদের স্বনির্ভর করাই তাঁর একমাত্র লক্ষ্য। সামান্য কিছু টাকা বিনিয়োগ করে মাশরুম চাষ করলে দ্বিগুণ টাকা লাভ করা যায়। এই প্রক্রিয়ায় এলাকার মানুষকে বিকল্প আয়ের দিশা দেখাতে পারবো।
বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের অধ্যাপক প্রকাশ কর্মকার ও দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বিকল্প আয়ের প্রশিক্ষণ দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু বলেন, পড়াশোনা করেও অনেক ছাত্রছাত্রী চাকরি পায় না। এ ধরনের সার্টিফিকেট কোর্স সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সর্বোপরি এ ধরনের কোর্সের একটি অর্থকরী দিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও যে কেউ এই কোর্স করতে পারেন।

