গ্ৰামের ভিতর দিয়ে বাস চলাচলের দাবিতে রাস্তা অবরোধ মালিয়াড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৯ ডিসেম্বর: মালিয়াড়া গ্রামের ভিতর দিয়ে বাস চালানোর দাবিতে বুধবার রাস্তা অবরোধ করে সিপিআইএম।
অবরোধকারীদের বক্তব্য, রাস্তা সংস্কার করার সময় থেকে বাইপাস রাস্তা দিয়ে বাস চলাচল শুরু হয়। এরপর রাস্তা সংস্কার হয়ে গেলেও বাস চলাচল শুরু হয়নি। এরফলে ছাত্র ছাত্রী, অসুস্থ মানুষ সহ সকলের অসুবিধা হচ্ছে।

বাকুঁড়া থেকে দুর্গাপুর যাতায়াতের প্রাচীন সড়ক পথটি হল বাঁকুড়া দুর্গাপুর ভায়া মালিয়াড়া। এই সড়ক পথটি নির্মাণ করেছিলেন মালিয়াড়ার রাজা। গ্রামের ভিতরে প্রায় দেড় কিমি রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছিল। তারপর মাঝে মাঝে রাস্তাটি জোড়া তাপ্পি দিয়ে চলছিল। এজন্যই বাস মালিক সংগঠন মালিয়াড়া গ্রামের ভিতর দিয়ে আর বাস চালাতে পারছিলেন না। এরপর বেহাল রাস্তা সংস্কার করে দিয়েছে বাঁকুড়া জেলা পরিষদ। তাও প্রায় দু’বছর হল সংস্কার হয়ে পড়ে আছে রাস্তাটি, কিন্তু কংক্রিটের রাস্তার দু’পাশে অনেকটা নিচু হয়ে রয়েছে। যার পাশ দিয়ে ঢালাই নিকাশি নালা করার পরিকল্পনা থাকলেও তা নির্মাণ হয়নি। রাস্তার দু’পাশ মোরাম ফেলে সমতলও করা যায়নি।

বাস মালিকদের দাবি দুটি গাড়ি মুখোমুখি হলে পাশ কাটানো সমস্যা হবে। তাই গ্রামের ভিতরের পরিবর্তে বাইপাস রাস্তা দিয়ে বাস চলাচল করছে। অবরোধকারীদের নেতৃত্বে ছিলেন সিপিআইএমের বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী। তিনি বলেন, বাইপাসের ফাঁকা রাস্তায় ভোর বেলা এবং সন্ধের পর বাস থেকে নেমে স্কুল কলেজের ছাত্রীরা নিরাপত্তাহীনতায় আতঙ্কে বাড়ি ফেরে। তাছাড়া বৃদ্ধ বৃদ্ধা, মহিলা এবং যে সব দূরবর্তী গ্রামের মানুষ এখানে এসে বাস ধরেন বা নামেন তারা ভীষণ সমস্যার সম্মুখীন।

মালিয়াড়া বাজার উত্তর বাঁকুড়ার অতি প্রাচীন বাজার। ভিতর দিয়ে বাস না চলায় ব্যবসায়ীরা মার খাচ্ছেন। এদিন অবরোধ শুরু হলে শিল্পাঞ্চলের পণ্যবাহী যানবাহন আটকে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে আশ্বাস দিলেও অবরোধকারিরা অনড় থাকেন। দলের নেতা সজল খাঁ বলেন, গত জুলাই মাসে আমরা অবরোধ কর্মসূচি নিয়েছিলাম। তখন পুলিশ ও বিডিও আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন অক্টোবর মাস থেকে ভিতর দিয়ে বাস চলবে। কিন্তু সেই প্রতিশ্রুতি না মানায় আমরা পুলিশের কথায় অবরোধ তুলব না। এরপর বড়জোড়ার বিডিও সুরজিৎ পন্ডিত আশ্বাস দেন আপাতত মোরাম দিয়ে ঢালাই রাস্তার দু’পাশ সমান করা হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাস চলাচল শুরু হবে।

এদিকে দলের আরেক নেতা ভারতবন্ধু ব্যানার্জি বলেন, বিডিও এক সপ্তাহ সময় নিয়েছেন। আমরা জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত দেখব। তারপরও যদি বাস না চলে তাহলে ৭ জানুয়ারি ফের অবরোধ করা হবে।

এ প্রসঙ্গে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি বলেন, আমরা ভিতর দিয়ে বাস চালানোর যখন সব প্রস্তুতি নিয়ে ফেলেছি সেকথা জেনেই সিপিআইএম লোককে দেখানোর জন্য নাটক শুরু করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *