বিকট শব্দ যুক্ত বাইকের সাইলেন্সার পাইপের বিরুদ্ধে জলপাইগুড়িতে অভিযান ট্রাফিক পুলিশের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ জুলাই: চলন্ত বাইকের সাইলেন্সার থেকে বের হচ্ছে বিকট শব্দ। এই ধরণের বাইকের বিরুদ্ধে শুক্রবার অভিযান শুরু করল জলপাইগুড়ি সদর ট্র‍াফিক পুলিশ। বিকট শব্দের জেরে সমস্যায় পড়ছেন জলপাইগুড়ি শহরের পথ চলতি সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে বয়স্ক, শিশু এছাড়া হাসপাতালের রোগীদের। বাইকের বিকট শব্দে নাজেহাল সাধারণ মানুষ। অভিযোগ পেয়ে অবশেষে জেলা পুলিশের নির্দেশে এই ধরণের বাইক চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি সদর ট্র‍াফিক পুলিশ।

এ দিন শহরের বিভিন্ন জায়গায় সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা ও হাইওয়ে ট্র‍াফিক ওসি সুজিত মিত্রের উপস্থিতিতে চলল অভিযান। যন্ত্রের সাহায্যে বাইকের সাইলেন্সার থেকে কতটা শব্দ বের হয়ে আসছে তা মেপে দেখা হচ্ছে সন্দেহজনক বাইকগুলি চিহ্নিত করে। এরপর বাইক চালককে জরিমানা করে সেই সাইলেন্সার পাইপ খোলা হচ্ছে। বাইকের সঙ্গে যে সাইলেন্সার পাইপ দেওয়া হয় সেই সাইলেন্সার পাইপ লাগানোর পরেই বাইক ছাড়া হচ্ছে।

এক বাইক চালক উজ্জ্বল মোহন্ত বলেন, “বাইক কেনার পর বাড়তি টাকা দিয়ে নতুন সাইলেন্সার পাইপ লাগানো হচ্ছে বাইকে। বেশি শব্দ বের হয়ে আসবে এর জন্য। আজ ট্র‍াফিক পুলিশ খুলে দিল আর লাগাবো না।”

ট্র‍াফিক ওসি বাপ্পা সাহা বলেন, “বাইকের বিকট শব্দে অসুবিধা হচ্ছে সকলের। এর জন্য লাগাতার অভিযান চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *