সাথী দাস, পুরুলিয়া, ২২ জুলাই: দুই দিনের জগন্নাথ কিশোর কলেজের ৭৫ বর্ষ প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠান শুরু হল। প্রভাত ফেরীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সংগঠনের সভাপতি মহারাজ স্বামী নির্বানানন্দ, কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায় সহ অধ্যাপক, শিক্ষাকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বেলায় কলেজ চত্বরে পতাকা উত্তোলন ও বৃক্ষ রোপন হয়। আজকের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড: দীপক কর। কলেজের বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জন সম্পর্কে বক্তব্যে আলোকপাত করেন অধ্যক্ষ। কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মী কম থাকায় সমস্যার কথা তুলে ধরেন তিনি। এছাড়া জাতীয় মূল্যায়ন এবং স্বীকৃতি কাউন্সিল (এনএএসি)-র গ্রেড বাড়ানোর পক্ষে জোর সওয়াল করেন তিনি। কলেজ গড়ার পিছনে এদিন বিশেষ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বিশিষ্ট জন, প্রাক্তন অধ্যাপক ও ছাত্রদের। পরে সফল শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। আগামী কাল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

জগন্নাথ কিশোর কলেজ বা জে কে কলেজ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত। এই কলেজটিই পুরুলিয়ার জেলার প্রথম আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এই কলেজ সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। পশ্চিমবঙ্গ সরকার এই কলেজটিকে পুরুলিয়ার জেলার লিড কলেজ বা নেতৃ-কলেজ হিসেবে ঘোষণা করেছে।

