জলপাইগুড়িতে পথ দুর্ঘনায় মহিলার মৃত্যুর ঘটনায় যুক্ত বাইকটিকে চিহ্নিত করল পুলিশ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ জুলাই: বেপরোয়া দ্রুত গতির বাইকের ধাক্কায় জলপাইগুড়ি শহরে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার দুর্ঘটনায় মুহূর্তের সিসি ক্যামেরার ভিডিয়ো হাতে পেয়েছে জলপাইগুড়ি সদর ট্র‍্যাফিক পুলিশ। সিসি ক্যামেরার ভিডিয়ো দেখে বাইকটিকে চিহ্নিত করল পুলিশ। গতকাল সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের কদমতলায় এক শপিং মলের সামনে। সিসি ক্যামেরার ভিডিয়োতে উঠে এসেছে, এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় এক বাইক চালক ওই মহিলাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে উকিল পাড়ার দিকে চলে যায়। রাস্তায় লুটিয়ে পড়ে ওই মহিলা। পথ চলতি এক সাইকেল চালক ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই মহিলাকে বাঁচানো যায়নি।

পুলিশ জানায়, মৃত মহিলার নাম জয়মালা রায় (৬২), বাড়ি ধাপগঞ্জ কলোনিতে। গরিব পরিবারের ওই মহিলা পরিচারিকার কাজ করতে শহরে আসতেন।

স্থানীয়দের অভিযোগ, কদমতলা থেকে উকিল পাড়ার রাস্তায় দ্রুত গতিতে বাইক যাতায়াত করে। বাইকের গতিতে লাগাম টানার দাবি তুললেন স্থানীয় ব্যবসায়ী বিষ্ণু বোস। তিনি বলেন, “মর্মান্তিক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। একটি বাইক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই রাস্তায় বাইক চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত।”

সদর ট্র‍্যাফিক পুলিশের দাবি, বাইক চিহ্নিত করা হয়েছে। দ্রুত বাইক চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *