সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ মার্চ: বিয়ে বাড়ির সামাজিক অনুষ্ঠান সহ যে কোনো অনুষ্ঠানে বনগাঁ শহরে ড্রোন ব্যবহার করা নিষিদ্ধ করল বনগাঁ পৌরসভা। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে বুধবার একটি লিখিত নির্দেশ প্রকাশ করে প্রশাসনের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, এখন থেকে বনগাঁ পৌরসভা এলাকায় যে কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে বেআইনি ভাবে ড্রোন ব্যবহার করা যাবে না। সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। পৌরসভার নির্দেশের স্মারকলিপি পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, “বনগাঁ শহর সীমান্তবর্তী এলাকায়। কয়েকদিন আগে পেট্রাপোলের কালিয়ানীতে একটি ড্রোন উদ্ধার হয়েছে। প্রায়ই দেখা যায় বেআইনিভাবে ড্রোনের ব্যবহার হচ্ছে। এর ফলে শহরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেকারণে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন চোরাচালানকারীরা বিভিন্ন সময়ে বেআইনি কাজে ড্রোন ব্যবহার করে থাকে। সেই কারণে বনগাঁর সুরক্ষার কথা ভেবে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল। আমরা চাই আগামীতে বনগাঁ মহাকুমাজুড়ে প্রশাসনের পক্ষ থেকে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট আইন করা হয়।


