আমাদের ভারত, ২৪ মার্চ: রামপুরহাটের বগটুই গ্রামে এসইউসিআই (সি) জেলা সম্পাদক মদন ঘটকের নেতৃত্বে বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল নিহত ও আহতদের ক্ষতিগ্রস্ত বাড়িতে যায়। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে, “সারা বাংলা প্রতিবাদ দিবসে”– পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত থানায় ওসির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নিম্নলিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। বীরভূম জেলাশাসক ও সমস্ত থানায় স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করা হয়েছে।
১) বীরভূমের বগটুইয়ে ঘরে আগুন দিয়ে মহিলা-শিশুসহ পুড়িয়ে মারার ঘটনায় মৃতের সংখ্যা প্রকাশ করতে হবে এবং জড়িত সকল অপরাধীকে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২) বগটুইয়ে উপপ্রধানের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
৩) এসডিপিও’র দফতরের খুবই সন্নিকটস্থ ওই গ্রামে ঘন্টার পর ঘন্টা চলতে থাকা তাণ্ডব ও অগ্নিসংযোগ করে গণহত্যা ঘটলেও বহু পরে পুলিশ পৌঁছালো কেন তার জবাব চাই। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক সহ সকলের শাস্তি চাই।
৪) রাজনৈতিক রঙ বিচার না করে সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই সুযোগে বিরোধীদের উপর মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা চলবে না।
৫) মৃতদের প্রত্যেকের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুড়িয়ে দেওয়া ঘরগুলি অবিলম্বে সরকারি ভাবে তৈরি করে দিতে হবে।
৬) হাইকোর্টের নজরদারিতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে।
৭) বেসরকারি তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের অবাধ গতিবিধি নিশ্চিত করতে হবে।

