একের পর এক খুনের ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে কল্যাণী থানা ঘেরাও করে বিক্ষোভ এসইউসিআই’য়ের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ২৪ মার্চ: আমতা, পানিহাটি, রামপুরহাট সহ একাধিক খুনের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে নদিয়ার কল্যাণী থানা ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো।
রামপুরহাটে খুন এবং পাল্টা গণহত্যায়, আমতায় আনিস হত্যায় এবং ঝালদা ও পানিহাটি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি খুনে প্রকৃত জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে কল্যাণী থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।

বিক্ষোভ সভায় এসইউসিআইয়ের নদিয়া জেলা কমিটির সদস্য অঞ্জন মুখার্জি বলেন, ইদানিংকালে পর পর ঘটে যাওয়া রাজ্যের খুনের ঘটনাগুলিতে পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। তারই প্রতিবাদে আজ রাজ্যের সমস্ত থানাতেই বিক্ষোভ সংগঠিত হচ্ছে। আমরা সর্বত্র আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশের নিরপেক্ষ ভূমিকার দাবি করছি। দল দেখে যেভাবে পুলিশ তদন্তের নামে নির্দোষ ব্যক্তিদের অত্যাচার করছে সেগুলো বন্ধ করে নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে বলে জানানো হয় বিক্ষোভের মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *