শিলিগুড়ি: টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম পূরণ করে দেওয়ায় এক যুবককে ধরলেন গৌতম দেব। শিলিগুড়ির শিউমঙ্গল মেমোরিয়াল হিন্দি হাইস্কুলে ওই যুবককে কলার ধরে পুলিশের হাতে তুলে দেন তিনি। অন্যদিকে ফাঁসিদেওয়াতেও বেশ কিছু যুবক টাকা নিয়ে ফর্ম পুরণ করে দিচ্ছিল, পুলিশ তাদের তাড়া করলেও ধরতে পারেনি।
রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকারের শিবির করে বেশ কিছু প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্ম নিতে সব শিবিরেই উপচে পড়া ভিড়। মাঝেমধ্যেই শিবির পরিদর্শন করতে যান গৌতম দেব। এদিন তিনি গিয়েছিলেন শিলিগুড়ির শিউমঙ্গল মেমোরিয়াল হিন্দি হাইস্কুলে। সেখানে গিয়ে উপস্থিত সকলের সাথে কথা বলছিলেন। তারপর সেখানেই ঘুরতে গিয়ে দেখতে পান একটি যুবক টেবিল পেতে সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে ফর্ম পূরণের কাজ করে চলছে। তা দেখতে পেয়েই তাকে পাকড়াও করে গৌতম দেব। তার কলার ধরে ওই শিবির থেকে বের করে দেওয়া হয়। পরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে।
এপ্রসঙ্গে গৌতম দেব বলেন, প্রতিটি শিবিরে বোরো অফিসাররা আছেন। আমরাও নজর রাখছি সব জায়গায়। এভাবে টাকা নেওয়াটা দুর্ভাগ্যজনক। তাকে পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে একইভাবে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়াতেও ফর্ম পূরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। ওই এলাকার চটহাট হাইস্কুলের মাঠে চলছিল দুয়ারে সরকারের শিবির। এই শিবির থেকে কিছুটা দূরেই ৪-৫ জন যুবক টাকা নিয়ে বিভিন্ন প্রকল্পের ফর্ম পূরণ করে দিচ্ছিল। পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই তারা এলাকা ছেড়ে চম্পট দেয়। এলাকার বাসিন্দা মালতি দাস বললেন, কেউ কুড়ি টাকা কেউ ৩০টাকা নিচ্ছিল। অনেকেই টাকা দিয়ে তাদের ফর্ম পূরণ করিয়েছেন।
প্রসঙ্গত এই শিবির ঘিরে এহেন একটি চক্র গোটা শিলিগুড়িতে গজিয়ে উঠেছে। তাই এবার থেকে শিবিরে আরও কড়াকড়ি করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

