স্বরূপ দত্ত, আমাদের ভারত, রায়গঞ্জ, ১৯ আগস্ট:
রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে হল রায়গঞ্জ শহরে ধিক্কার, প্রতিবাদ বিক্ষোভ মিছিল। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েই এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বলে জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপির রায়গঞ্জ কমিটির পক্ষ থেকে এই ধিক্কার মিছিল রায়গঞ্জ শহরের ওয়াও বাজার থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

কৃষ্ণ কল্যাণী বলেন, এরাজ্যে গণতন্ত্র হত্যা চলছে। আমাদের দলীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এরই প্রতিবাদে রায়গঞ্জ শহরে ধিক্কার মিছিল করলেন তাঁরা। কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে এই ধিক্কার মিছিলে অংশ নেয় বহু বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা।


