স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মবার্ষিকী পালন বনগাঁয়, দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল পৌরসভা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনগাঁ পৌরসভার উদ্যোগে বনগাঁ হাই স্কুল মোড়ে শিব মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে মনীষীর জন্ম দিবস পালন করল বনগাঁ পৌরসভা। বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক গোপাল শেঠ সহ পৌর এলাকার একাধিক কোঅর্ডিনেটর এবং পৌরসভার বিভিন্ন আধিকারিকরা বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে পৌরসভার পক্ষ থেকে এক মহতী উদ্যোগ নেওয়া হয়। পৌর এলাকার দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হল খাদ্য সামগ্রী।

করোনাকালে আংশিক লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতে কাজ হারিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের। সমাজের সেই সমস্ত পিছিয়ে পড়া দুঃস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এল বনগাঁ পৌরসভা। এদিন বনগাঁ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দুঃস্থ মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় পৌরসভা।

যেহেতু করোনার কারণে রাজ্য সরকারের তরফ থেকে জনসমাগম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, সেই কারণে প্রত্যেকের বাড়িতে গিয়ে পৌরসভার কর্মীরা সেসব সামগ্রী পৌঁছে দেন। এর পাশাপাশি পৌরসভায় যে সমস্ত সাফাই কর্মীরা সারাবছর পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখেন তাদের হাতেও বিভিন্ন খাদ্য সামগ্রী পৌরসভার পক্ষ থেকে তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর পাশাপাশি প্রত্যেকের হাতে একটি করে থার্মোমিটার তুলে দেয় পৌর কর্তৃপক্ষ। কেউ যদি এই মহামারী কালে জ্বরে আক্রান্ত হয় তাহলে জ্বর পরিমাপ করে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা করাতে পারবে।

এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, “স্বামী বিবেকানন্দের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখতে আমরা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার উন্নয়ন কমিটির মাধ্যমে পৌর এলাকার দুঃস্থ মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী এবং করোনাকালে প্রয়োজনীয় সামগ্রী মাস্ক, স্যানিটাইজার, সাবান পৌঁছে দিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *