বেলুর মঠে নানা অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ স্বামী বিবেকানন্দকে

আমাদের ভারত, ১২ জানুয়ারি: বুধবার সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের নানা স্থানে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন স্মরণ করা হয়।

কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামীজীর বাসভবনে ভক্তদের প্রবেশ ছিল নিষেধ। তাঁদের জন্য বাইরেই শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। পদে পদে মেনে চলা হয় করোনা বিধি। বুধবার সকাল থেকেই স্বামী বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিটে একাধিক রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। দুপুরে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে চাদর চড়িয়েছেন তিনি। সিমলা স্ট্রিতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।

বেলুড় মঠেও করোনা পরিস্থিতির কারণে ভক্তদের প্রবেশের অনুমতি ছিল না। সেখানকার ওয়েবসাইটে দেখানো হয় অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন পালন করা হল চিরাচরিত রীতি মেনেই। অন্যান্য বছর সারা দিন ধরে মঠে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু এ বার সেই অনুষ্ঠানের সময় কমিয়ে আনা হয়।

এ বছর বিদ্যামন্দিরের বিবেকানন্দ সভাগৃহে জাতীয় যুব দিবসের সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেছে সারদাপীঠ। সেখানেও সাধারণের প্রবেশ নিষিদ্ধ। রামকৃষ্ণ মিশন সারদাপীঠের তরফে জানানো হয়েছে, মিশনেরই বিদ্যামন্দির, শিক্ষণমন্দির, শিল্প বিদ্যালয়, শিক্ষা মন্দির, জনশিক্ষা মন্দির থেকে নির্দিষ্ট কয়েক জন পড়ুয়াকে নিয়ে এসে সভাগৃহে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করানো হয়। দূরত্ব-বিধি মেনে আয়োজিত ওই অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বলে বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে যুব সম্প্রদায়কে সম্বোধন করে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ।

এ ছাড়াও বৈদিক মন্ত্রোচ্চারণ, গান, বক্তৃতা, আবৃত্তি, ধর্মীয় সঙ্গীত, নৃত্য, নাটক পরিবেশিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে সাড়ে ১১টা পর্যন্ত হয় ওই অনুষ্ঠান। যা সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল মঠের দু’টি ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *