এসএসসি’র অনিয়মের দায়ে ‘তোলাবাজ’ নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সুজনের

আমাদের ভারত, ১২ জানুয়ারি: এসএসসির গত ক’বছরের চেয়ারম্যান এবং ‘তোলাবাজ’ নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন প্রাক্তন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

বুধবার টুইটারে তিনি লিখেছেন, “এসএসসির চেয়ারম্যানকে খারিজ করতে হয়েছে শেষমেশ। কিন্তু মূল অপরাধ তো ৬/৮ বছর ধরেই চলছে। তখনকার চেয়ারম্যানরা কোথায়? তাদের খারিজ কবে? যে নেতা-মন্ত্রীরা তোলাবাজি করলেন? শিক্ষামন্ত্রী এবং অন্যান্যরা? তাদের সাতখুন মাপ! কাজ এবং যুব জীবনের সর্বনাশ ঘটিয়ে রেহাই পাবেন কি – মাননীয়া?”

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করার পরের দিনেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির চেয়ারম্যানের পদ থেকে শুভশঙ্কর সরকারকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার এসএসসির নতুন চেয়ারম্যান করা হয় সিদ্ধার্থ মজুমদারকে। তিনি সিটি কলেজের অর্থনীতির শিক্ষক। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ব্রাত্য বসু যখন প্রথম দফায় শিক্ষামন্ত্রী ছিলেন, সেই সময় সিদ্ধার্থবাবু কলেজ সার্ভিস কমিশন বা সিএসসির চেয়ারম্যানের পদও সামলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *