আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ জানুয়ারি: করোনা পরিস্থিতি জটিল হতে থাকায় উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভা এলাকায় ২৪ ঘন্টার জন্য লকডাউনের ঘোষণা করলো হাবড়া পুর কর্তৃপক্ষ। শুক্রবার এই লকডাউন কার্যকর হবে। ভোর ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। এর পাশাপাশি, শনিবার হাবড়া সুপার মার্কেটের সুতি বস্ত্রের হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাবড়া পুরসভা। বুধবার মাইক প্রচার করে পুরসভার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। পুর প্রশাসক নারায়ণ সাহা জানান, করোনার চেন ভাঙ্গতে মাঝেমধ্যেই এই লকডাউন করা হবে।
অন্যদিকে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকায় লকডাউনের সিদ্ধান্ত নিল প্রশাসন। এদিন অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকার বাজার কমিটি এবং পুলিশ প্রশাসনকে নিয়ে একটি জরুরি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অশোকনগরের বিভিন্ন বাজার সমিতির সদস্যরা, অশোকনগর–কল্যাণগড় পুরসভার প্রশাসক উৎপল তালুকদার, সহ পুর প্রশাসক অতীস সরকার, অশোকনগর থানার আধিকারিকেরা।
ইতিমধ্যেই অশোকনগর এলাকায় প্রায় ৪০ জন করোনায় আক্রান্ত। ফলে ওই এলাকায় একটি কনটেইনমেন্ট জোনও করা হয়েছে। এই পরিস্থিতিতে শুক্র এবং শনিবার সপ্তাহের এই দুদিন জরুরি পরিষেবা, ছোট যানবাহন বাদ দিয়ে সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার প্রশাসক উৎপল তালুকদার জানান, ‘করোনার গ্রাফ ঊর্দ্ধমুখী। সেটিকে নিন্মমুখী করাই আমাদের লক্ষ্য। আগামী ৩ সপ্তাহ এই নির্দেশিকা জারি থাকবে।’

