আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ এপ্রিল: আবারো দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার দুপুরে হালিশহর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টুনা নায়েকের ওপর দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হালিশহরে।
অন্যান্য দিনের মতো নিজের বাড়ির কাছে অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজের তদারকি করতে যাচ্ছিলেন কাউন্সিলর টুনা নায়েক। তখন হঠাৎ করে কিছু স্থানীয় দুষ্কৃতী তার ওপর চড়াও হয় বলে অভিযোগ। ভারী কিছু বস্তু দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় কাউন্সিলরের। টুনা নায়েক চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ও তৃণমূল কর্মীরা ছুটে আসে। এরপর আক্রান্ত কাউন্সিলরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়।
এই দুষ্কৃতী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাজিনগর ফাঁড়ির পুলিশ। সেই সঙ্গে ঘটনাস্থলে যান হালিশহর পৌরসভার উপ পৌর প্রধান। এই আক্রমনের পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর টুনা নায়েক।
তিনি এদিন অভিযোগ করে বলেন, “এর আগে ২৩ নম্বর ওয়ার্ডটি বিজেপির দখলে ছিল। আর তখন বিভিন্ন দুষ্কৃতিক কাজ কর্ম চলত এই ওয়ার্ডে। আমি আর আমার দল এর বিরোধিতা করছি তাই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে বিজেপি। আমার
ওয়ার্ডকে অশান্ত করার চেষ্টা করছে তাই দুষ্কৃতী দিয়ে এই হামলা করা হয়েছে। কিন্তু এই ভাবে আমাদের দমানো যাবে না।”
তবে হালিশহর পৌরসভায় এর আগেও তৃণমূলের কাউন্সিলরের ওপর হামলার ঘটনা ঘটেছিল। প্রসঙ্গত, কিছু দিন আগে হালিশহর পৌরসভার উপ পৌর প্রধানের বাড়ি লক্ষ্য করে চলেছিল বোমা। সেই সময় অভিযোগ করা হয়েছিল যে এলাকায় দুষ্কৃতিক কাজ কর্মের প্রতিবাদ করায় বোমাবাজি করা হয়েছিল। আর এবারও অভিযোগ যে, এলাকার দুষ্কৃতী
কাজকর্ম বন্ধ করার জন্য এই হামলার ঘটনা ঘটেছে।
এদিন ঘটনাস্থলে আসা তৃণমূল নেতারা অভিযোগ করে বলেন, “এই ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি কাউন্সিলর রবিশঙ্কর সিং দুষ্কৃতীদের দিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে”। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

