আমাদের ভারত, বীরভূম, ৪ ফেব্রুয়ারি: বাড়ির চারপাশে নির্দিষ্ট পরিমাণ জায়গা ছাড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের ইলামবাজার। ইলামবাজার থানার অন্তর্গত ভগবতী বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুর বেলা একটি বাড়ির জায়গা ছাড়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই চার থেকে পাঁচজন আহত হয়েছে বলে জানাগেছে এবং তারা সকলে হাসপাতালে চিকিৎসাধীন।

এক পক্ষের এক সমর্থকের বাড়ির জায়গা ছেড়ে না দেওয়া এবং অপর পক্ষ সেই জায়গাকে দখল করাকে কেন্দ্র করে এ দিন এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় দু’পক্ষের মধ্যে। এরপরই দু’পক্ষের কর্মী-সমর্থকরা দলবল নিলে একে অপর পক্ষের বাড়িতে লাঠি ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এই লড়াইয়ে দু’পক্ষেরই ৪-৫ জন আহত হয়েছেন। ঘটনার পর পরিস্থিতির মোকাবিলায় ইলামবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।


