অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ জানুয়ারি: সরস্বতী পুজোর আগের দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। গুরুতর জখম আরো দু’জন ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সরস্বতী পুজোর বাজার করতে গিয়ে গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। আর এই ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।শুক্রবার বিকেল ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার ছয় নম্বর জাতীয় সড়ক এলাকার বাঁকশোল বাস স্ট্যান্ড এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম থানার পাটাশিমূল অঞ্চলের মোহনপুর গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী বছর চোদ্দোর মৌসুমী শবর সহ তিন জন ছাত্রী সরস্বতী পুজার বাজার করতে বাঁকশোল বাস স্ট্যান্ড এলাকায় যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মৌসুমীর। বাকি দু’জনকে আহত অবস্থায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দিনই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। এদিন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ পথ অবরোধে সামিল হয়।পরে ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তোলেন। তবে এই স্কুল পড়ুয়ার মৃত্যুর খবর এলাকার ছড়িয়ে পড়তে এলাকার শোকের ছায়া নেমে এসেছে গোটা
গ্রামেজুড়ে।

