পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ ফেব্রুয়ারি: প্রদীপ্তা অম্বরিশ ও উজ্জ্বলকে সামনে রেখেই বালুরঘাটের ২৪ টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিল তৃণমূল কংগ্রেস। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল প্রার্থীরা এক প্রকার সুসজ্জিত ভাবে এসে মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেয়। বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে ঢাকের সুসজ্জিত মিছিল করে সকলে একত্রিত ভাবে এসেই এই মনোনয়নপত্র দাখিল করেন। যার পুরোভাগে দেখা যায় জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার এবং মহিলা তৃণমূল সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে। মঙ্গলবার শহরের ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা মহিলা নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী তার মনোনয়ন পত্র জমা করলেও বাকি চব্বিশটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা এদিন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আর যার মাধ্যমেই দীর্ঘ কয়েকদিন ধরে চলা প্রার্থী নিয়ে যে কাজিয়া তার অবসান ঘটলো।
তৃণমূল নেতা সুভাষ চাকী জানিয়েছেন, শহরের ২৫ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার কোনো বিশেষ দিনের কারণে একজন প্রার্থী তার মনোনয়ন দাখিল করলেও, বাকি ২৪ জন এদিন মনোনয়নপত্র জমা করেছেন। মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে বালুরঘাটের ২৫ টি ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হবেন বলেও দাবি করেছেন তিনি।

