স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ মে: ভোটের ফলাফল ঘোষণা হতেই শাসক বিরোধী সংঘর্ষ। নদিয়ার হাঁসখালি মাঠ পাড়ার ঘটনা। আহত ব্যক্তির নাম নাসির মন্ডল (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, আজ ছিল বিধানসভা ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ। আর সেই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করেই নদিয়ার হাঁসখালিতে সংঘর্ষ তৃণমূল বিজেপির। জানা যায়, হাঁসখালি থানার মাঠপাড়ার নাসির মন্ডল তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী। আর সেই পাড়াতেই থাকেন বিজেপি কর্মী মারন মণ্ডল, আসান মন্ডলরা। আজ ভোটের ফলাফল ঘোষণার পর তৃণমূলের জেতার খবর পেতেই মাঠপাড়া উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিজেপি কর্মী মারন মন্ডল দলবল নিয়ে তৃণমূল কর্মী নাসির মন্ডলের বাড়িতে হামলা চালায়। পরিবারের দাবি, বিজেপি কর্মী মারন মন্ডল, আসান মন্ডল সহ আরও অনেকে নাসিরের ওপর দা, হেঁসো দিয়ে আক্রমণ করে। তার মাথায় হেঁসো দিয়ে কোপ মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। হাঁসখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

